Published : 29 May 2025, 10:02 PM
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নতুন হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
বৃহস্পতিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রিয়াজ হামিদুল্লাহ তার পরিচয়পত্র পেশ করেন বলে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, রাষ্ট্রপতি মুর্মু নতুন হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
ভারতের রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। দুই দেশের জনগণের আশা–আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে দুই দেশের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ভারতের রাষ্ট্রপতি।
তিনি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখি।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের জনগণের ‘মিলিত আত্মত্যাগকে’ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেন ভারতীয় রাষ্ট্রপতি।
তিনি যৌথ সমৃদ্ধি ও উন্নত সংযোগের জন্য একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এবং বাংলাদেশ দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব নেওয়ায় অভিনন্দন জানান।
পেশাদার কূটনীতিক এম রিয়াজ হামিদুল্লাহ ২০২৫ সালের ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন, ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
হাই কমিশনার হামিদুল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ভারতীয় রাষ্ট্রপতিকে। দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, দুই দেশের বৃহৎ জনগোষ্ঠী তরুণ, তাদের মধ্যে আরও দৃঢ় যোগাযোগ গড়ে তোলা অত্যন্ত জরুরি, কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।
দিল্লি মিশনের দায়িত্ব নেওয়ার আগে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম ও বহুপক্ষীয়) পদে দায়িত্ব পালন করেছেন হামিদুল্লাহ।
তিন দশকের কূটনৈতিক পেশায় রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নয়াদিল্লি ও সার্ক সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
হাই কমিশনার হামিদুল্লাহ ছাড়াও থাইল্যান্ড, কোস্টারিকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং তুরস্কের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা এদিন ভারতের রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।