Published : 03 Apr 2026, 10:26 PM
রাজধানীর মতিঝিল এলাকা থেকে এক কিশোরসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের ‘হোটেল নিউ আরামবাগের’ একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়ে ডিবি বলছে, এই রোহিঙ্গাদের মধ্যে কাউকে কাউকে বিদেশে পাচারের জন্য ঢাকা নিয়ে এসেছিল একটি ‘চক্র’।
গ্রেপ্তাররা হলেন- মো. ফেরদৌস (২৬), নুরু বিবি নূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) ও এক কিশোর (১৬)।
তারা প্রত্যেকে টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ঢাকায় আসেন, বলেছে ডিবি।
তবে তাদের মধ্যে কারা কাদের পাচারের জন্য নিয়ে এসেছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
ডিবি বলছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পালানোর চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সেখানে থাকা আব্দুল খালেক নামে এক বাংলাদেশি পালিয়ে যায়। তিনি মানব পাচারকারী চক্রের ‘সদস্য’।
গ্রেপ্তারদের কাছ থেকে দুটি ভিসার প্রিন্টকপি ও চারটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) উপকমিশনার মো. তরিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মতিঝিল থানায় মামলা হয়েছে।”