১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

“৩ বা ৪ তারিখের দিকে শীত একটু হবে,” বলেন শাহনাজ সুলতানা।

৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 01:12 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

মাঘের মাঝামাঝিতে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হওয়ার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সংস্থাটির সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার পর্যন্ত আবহাওয়া এরকমই (মেঘলা) থাকবে। তবে কালকে (শনিবার) মেঘটা কিছুটা কমে আসবে; কিন্তু কুয়াশা বাড়বে।” 

আপাতত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, “৩ বা ৪ তারিখের দিকে শীত একটু হবে। আবার একটু কমবে। আবার ৭ বা ৮ তারিখের দিকে শীত একটু হবে।”

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।