Published : 10 Jan 2026, 07:37 PM
সংসদ নির্বাচনের আগে হত্যাকাণ্ডসহ একের পর এক সহিংস ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৩২ নাগরিক।
বিবৃতিতে তারা দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও তুলেছেন।
শনিবার সংবাদমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাসহ ৩২ জনের নাম রয়েছে।
বিবৃতিতে কয়েকটি দাবি তুলে ধরে তারা বলেছেন, সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ের সুরক্ষা দিতে অন্তবর্তী সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
“বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রাপ্ত সংবাদ থেকে আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিগত কয়েক সপ্তাহে একের পর এক পরিকল্পিত হত্যাকান্ডসহ ধারাবাহিক সংখ্যালঘু নাগরিককে হত্যা, তাদের পরিবারের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে, যা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে করা হচ্ছে বলে জনমনে ধারণা বিরাজ করছে।”
বিবৃতিতে বলা হয়, “ময়মনসিংহের ভালুকায় দীপু দাস, যশোরে রানা প্রতাপ বৈরাগী, নরসিংদীর শরৎ চক্রবর্তী মণিসহ বেশ কয়েকজন এসব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ঘরের দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এ সকল ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্রতম ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই।
“আমরা জানি, বাংলাদেশের সাধারণ মানুষ তথা বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আমাদের ঐতিহ্যের অংশ। সাধারণ নাগরিকদের মধ্যে কোনো বিশেষ ধর্ম, সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ বা ঘৃণা বিরাজ করে, এমন দৃষ্টান্ত বিরল। পক্ষান্তরে এসব সহিংস সাম্প্রদায়িক হামলা বা হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, তারা সমাজের একটি ক্ষুদ্র অংশ, যারা সাম্প্রদায়িক উগ্রবাদী এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা সৃষ্টিকারী। নিঃসন্দেহে তারা আসন্ন সাধারণ নির্বাচনকে বিঘ্নিত করতে তৎপর। দেশি-বিদেশি উসকানিদাতা পৃষ্ঠপোষকগোষ্ঠীও এদের মদদ দিয়ে চলেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”
বিবৃতিতে অন্যদের মধ্যে শাহীন আনাম, শামসুল হুদা, মো. নুর খান, ড. সামিনা লুৎফা, ড. সুমাইয়া খায়ের, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, ড. স্বপন আদনান, তাসনিম সিরাজ মাহবুব, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, ফিরদৌস আজিম, মনিন্দ্র কুমার নাথ, পাভেল পার্থ, সালেহ আহমেদ, পারভেজ হাসেম, রেজাউল করিম চৌধুরী, শাহ ই মবিন জিননাহ, জাকির হোসেন, সাইদুর রহমান, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, জবা তালুকদার, ঈশিতা দস্তগীর, মেইনথিন প্রমীলা ও হানা শামস আহমেদের সই রয়েছে।