২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি পার্টির সঙ্গে সোমবার বসছে ঐকমত্য কমিশন

দেশের ৩৮টি রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়ে ২৮টির কাছ থেকে মতামত পেয়েছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

সংস্কার প্রশ্নে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে।

প্রথম দল হিসেবে গত ১৮ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বসেছিল কমিশন।

সেই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৩টায় তারা বসতে যাচ্ছে এবি পার্টির সঙ্গে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে। এতে সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেন। এরইমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয় কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে ৩৮টি দলকে অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশন। 

জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),  খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। সেই ধারাবাহিকতায় সোমবার ঐকমত্য কমিশন এবি পার্টির সঙ্গে বসবে।

“এ পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৮টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।”

আরও পড়ুন

এলডিপির সঙ্গে বৈঠকে ঐকমত্যের সংলাপ শুরু

আলোচনার প্রথম দিন এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন