অগাস্টে চানখারপুলে হত্যা: আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৫ মে
শুনানির আগে এই মামলার গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় করা মামনবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের জন্য প্রসিকিউশনকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করে।
প্রসিকিউশনের সময় আবেদনের শুনানিতে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি এম তাজুল ইসলাম বলেন, চাঁনখারপুল মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে ২০ এপ্রিল অভিযোগপত্র দিয়েছে তদন্ত সংস্থা।
“দাখিলকৃত চার্জশিট পর্যালোচনা ও বিশ্লেষণ করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের জন্য পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে তার ভিত্তিতে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। এজন্য চার সপ্তাহ সময় প্রয়োজন।”
শুনানি শেষে ট্রাইব্যুনাল চার সপ্তাহ সময় দেয়।
শুনানির সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
শুনানির আগে এই মামলার গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদেশের পর কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, “মামলার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করার পর যদি দেখা যায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ নাই তখন চিফ প্রসিকিউটর পুনরায় মামলাটি তদন্তের জন্য পাঠাতে পারেন। চার্জশিট পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেলে তদন্ত রিপোর্টের ভিত্তিতে ফরমাল চার্জ দাখিল করা হবে।”
তিনি বলেন, “চাঁনখারপুলে ৬ জন বিপ্লবীকে হত্যা শুধু পুলিশ বাহিনীর আটজন সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। বাকি যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা আছে অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও হেলমেট বাহিনীর সম্পৃক্ততা পাচ্ছে তদন্ত সংস্থা।”
চাঁনখারপুল এলাকায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২০ এপ্রিল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রধান কৌঁসুলির কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে মরণাস্ত্র ব্যবহার করে জুলাই বিপ্লবীদের হত্যার নির্দেশ দেন। শেখ হাসিনার এই নির্দেশ পুলিশ কমান্ড সেন্টার থেকে হাবিবুর রহমান ওয়্যারলেস মেসেজে পুরো পুলিশ বাহিনীকে জানিয়ে দিয়ে চাইনিজ রাইফেল ব্যবহার করে জুলাই বিপ্লবীদের দমন করার আদেশ দেন। জব্দকৃত দুটি কলরেকর্ড পরীক্ষা করে এমন তথ্য-প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতবছরের ৫ অগাস্ট ডিএমপি কমিশনারের এই নির্দেশ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে চার পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল এবং শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) আরশাদ হোসেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেন।
ওই নির্দেশ পেয়েই কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেন, যা ভিডিও ফুটেজে উঠে এসেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
