২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের নিয়ে জাতীয় সংসদের সঙ্গে কাজ করতে চায় ইউনিসেফ

“শিশুশ্রম হ্রাসে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে,” বলেন স্পিকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 01:26 AM

Updated : 17 Jan 2024, 01:26 AM

বাংলাদেশে শিশুদের সুরক্ষায় জাতীয় সংসদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প নিতে চায় ইউনিসেফ। সংসদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একই সঙ্গে শিশুদের মূল ধারায় সম্পৃক্ত রাখতে এবং ঝরে পড়া শিশুর হার কমাতে ও পুষ্টি নিশ্চিত করে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘের সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা। 

রোববার সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সঞ্জয় উইজেসেকেরা এসব কথা বলেন। জাতীয় সংসদের সঙ্গে অংশীদারি প্রকল্প নিতে সহযোগিতা চাইলে স্পিকার আশ্বাস প্রদান করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের ওপর প্রভাব নিয়ে ইউনিসেফ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন স্পিকার শিরীন শারমিন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, পুষ্টি, শিক্ষা, শ্রম ও সহিংসতা প্রতিরোধ, তথ্যপ্রযুক্তি খাতে শিশুদের দক্ষতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। 

এসময় স্পিকার বলেন, “শিশুদের সার্বিক কল্যাণে ১৯৭২ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করছে। জন্মের পর থেকে শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতকরণে ও এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ইউনিসেফ। 

“বর্তমান সরকার শিশুদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে৷ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা, শিক্ষার্থীদের মায়েদের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদান ইত্যাদি সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে সরকার কাজ করছে। শিশুশ্রম হ্রাসে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।” 

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে সঞ্জয় উইজেসেকেরা বলেন, “শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান।” 

এসময় ইউনিসেফ বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট ও সংসদ সচিবালয়ের অনেকে উপস্থিত ছিলেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)