সমাবেশে নিষেধাজ্ঞার বিধি চ্যালেঞ্জ করে রিট মামলা, বৃহস্পতিবার ফের শুনানি
ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের দুটি ধারা এবং ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এ রিট মামলায়।
রাজধানীতে সমাবেশ বা মিছিল নিষিদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত ঢাকা মহানগর পুলিশ কমিশনারের ক্ষমতা সংক্রান্ত পুলিশ অধ্যাদেশের বিধান এবং মহানগর পুলিশ বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট মামলা হয়েছে হাই কোর্টে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে বুধবার ওই আবেদনের আংশিক শুনানির শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মোমেন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবির, চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সেলিম আকবর ও রাজধানীর বাসিন্দা শাহ নুরুজ্জামান, মোহাম্মদ ইয়াসিন ‘জনস্বার্থে’ এ রিট আবেদন করেন।
আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ চারজনকে সেখানে বিবাদী করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ-১৯৭৬ এর ২৯ ও ১০৫ ধারা এবং ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এ রিট মামলায়।
পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় বলা হয়েছে, জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন, লিখিত আদেশ দিয়ে সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত হল, সরকারের অনুমতি ছাড়া ৩০ দিনের বেশি এমন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না।
১০৫ ধারায় বলা হয়েছে, এ অধ্যাদেশের কোনো বিধান অথবা আপাতত বলবৎ অন্য কোন আইন বা তদুদ্দেশ্যে প্রণীত কোনো বিধি, প্রবিধান আদেশ বা নির্দেশের অধীন ‘সরল বিশ্বাসে কৃত’ কোনো কাজ বা ক্ষতির জন্য কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।
সমাবেশের স্বাধীনতা সংক্রান্ত সংবিধানের ৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনে উল্লেখিত ‘যুক্তিসঙ্গত’ বিধি নিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।
এই অনুচ্ছেদের কথা উল্লেখ করে আইনজীবী আবদুল মোমেন চৌধুরী আদালতে শুনানিতে বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের সেকশন ২৯ সংবিধানের ৩৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এটা মৌলিক অধিকারের বিরোধী। কারণ সংবিধান বলছে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে সমাবেশ করার কথা। আর অধ্যাদেশে পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে নিষিদ্ধ করার ক্ষমতা। দুটো ভিন্ন জিনিস। তাই এটা সাংঘর্ষিক। এছাড়া রুলসে অস্ত্র ব্যবহার করার কথা বলা হয়েছে। কিন্তু অস্ত্র কেন ব্যবহার করা হবে?”
এর জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বলেন, “সব সময় সমাবেশ বন্ধ করা হয় না। যখন পরিস্থিতি সৃষ্টি হয় তখন সমাবেশ বন্ধ করা হয়। যেমন একই স্থানে দুই দল সমাবেশ ডাকলে তো অশান্তি হয়। সংবিধানে আছে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে। তাই শান্তির জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়।
“সংবিধান অনুসারে তো সভা-সমাবেশে নিরস্ত্র অবস্থায় আসার কথা, কিন্তু যখন বোমা হামলা হয়, অস্ত্রের ব্যবহার হয়। আর এ রকম কিছু হলে তো পুলিশের ঘাড়ে ওপর দায়পড়ে। সরকারের ওপর দায় পড়ে।”
রাষ্ট্রের এই আইন কর্মকর্তা বলেন, “কোন কোন ক্ষেত্রে জনস্বার্থে মামলা করতে পারবে সেটা আপিল বিভাগের রায়ে বলা আছে। এখানে সেই শর্ত পূরণ হয়নি। তাই এ রিট খারিজযোগ্য।”
বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করেছে আদালত।
