২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেলেও চলছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে গ্যাস সরবরাহ

এতে লোড শেডিং অনেক কমেছে। লোকসান হলেও এজন্য ডিজেলভিত্তিক কেন্দ্র চালু রাখার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ডিজেলেও চলছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে গ্যাস সরবরাহ

লোড শেডিংয়ের সময় ঢাকার এক এলাকার চিত্র। ফাইল ছবি।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 12:26 AM

Updated : 27 Aug 2022, 11:32 PM

ডিজেলভিত্তিক কিছু কেন্দ্র আবার চালুর পাশাপাশি গ্যাস সরবরাহ বাড়ানোয় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে জানিয়ে সরকারের তরফে বলা হচ্ছে, লোড শেডিং কমে দেশ ‘ভালোর দিকে’ যাচ্ছে।

জুলাই মাসে প্রতিদিন যে পরিমাণ লোড শেডিং হয়েছে, গেল সপ্তাহে তা কয়েকগুণ কমেছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিসংখ্যানে উঠে এসেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন মোটামুটি ভালো অবস্থা। আরও ভালো অবস্থার দিকে যাচ্ছি আমরা।”

আগামী মাসের শেষ থেকে লোড শেডিং আর থাকবে না বলে এর আগেই আশার কথা শুনিয়েছেন তিনি।

সম্প্রতি বিদ্যুৎ ও তেলের খরচ কমানোসহ সরকারের একগুচ্ছ সিদ্ধান্তে অনেক বছর ধরে হারিয়ে যাওয়া লোড শেডিং আবার ফিরতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকট এড়াতে সাশ্রয়ী হওয়ার অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেয় সরকার।

Image

ঢাকায় বিদ্যুৎ ভবনে রোববার সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সংকটের মধ্যে ডলার ধরে রাখতে উচ্চ মূল্যের জ্বালানি আমদানি কমিয়ে দেওয়ায় দেশের বিদ্যুৎ উৎপাদনও কমিয়ে ফেলা হয়।

জুলাইয়ের শুরুতে স্পট মার্কেটের এলএনজি আমদানি বন্ধ করার পর গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটায় হারিয়ে যাওয়া লোড শেডিং ফিরতে শুরু করে।

পরে প্রায় ১০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের পর সূচি করে দেশব্যাপী লোড শেডিং শুরু হয়।

ওই সময়টায় পিডিবির হিসাবে, ১৯ জুলাই ১৩ হাজার ৪৮৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছিল ১১ হাজার ১০০ মেগাওয়াট। ওইদিন লোড শেডিং ছিল ২ হাজার ৩৮৫ মেগাওয়াট।

কিন্তু ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো উৎপাদনে ফিরে আসায় এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ানোর কারণে গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ৫০০ মেগাওয়াটের আশেপাশে লোড শেডিং হচ্ছে।

পিডিবির ওয়েবসাইটে সর্বশেষ মঙ্গলবারের তথ্য দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই দিন ১৩ হাজার ৯৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল, আর লোড শেডিং হয়েছিল ৫১১ মেগাওয়াট।

Image

বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিড ফাইল ছবি।

শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় চাহিদা আরও কমেছে। শুক্রবার ২০০ মেগাওয়াটের মত লোড শেডিং ছিল বলে জানান পিডিবির এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিডিবির সদস্য (উৎপাদন) আশরাফুল ইসলাম বলেন, “লোড শেডিং এখন নাই বললেই চলে।”

আগে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য দিনে ৯৫০ মিলিয়ন ঘনফুটের আশেপাশে গ্যাস সরবরাহ করা হলেও গত দুই সপ্তাহ ধরে তা বাড়তে দেখা গেছে।

পেট্রোবাংলার ওয়েবসাইটে শুক্রবার বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাস সরবরাহ পরিমাণ দেখানো হয়েছে ১১৪৬ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মোট সরবরাহের ৪০ শতাংশের মতো বিদ্যুতে দেওয়া হয়। গত কিছুদিন গ্যাস আমরা বেশি পাচ্ছি। এজন্য বিদ্যুৎকেন্দ্রেও বেশি দিতে পারছি।”

কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দেশে প্রতিদিন গড়ে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়। পাঁচটি জাহাজে চক্রাকারে এলএনজি আসে বাংলাদেশে।

গত কিছুদিন জাহাজগুলো ঘনঘন আসায় দিনে গড়ে ১০০ মিলিয়ন ঘনফুটের মত এলএনজি সরবরাহ বেড়েছে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “গত কিছুদিন ধরেই ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো চালানো হচ্ছে। যখন যেমন প্রয়োজন হচ্ছে, সে অনুযায়ী ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো চালু রাখা হচ্ছে।”

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো চালু হয়েছে। লস হলেও আমরা চালু রাখছি।”

এদিকে আটটার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করাসহ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের একগুচ্ছ নির্দেশনা বাস্তবায়নে শক্ত অবস্থান নেওয়া এবং বৃষ্টির পরিমাণ বাড়ায় চাহিদা ‘কিছুটা’ কমেছে বলে মনে করছেন পিডিবির এক কর্মকর্তা।

এ কারণে দৈনিক চাহিদা ১৪০০০ মেগাওয়াটের আশেপাশে থাকছে বলে তিনি জানান।

শনিবারই পিডিবি আয়োজিত এক অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, “সারা পৃথিবীতেই একটি অন্য অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ এর বাইরে না। এই যুদ্ধের আঘাত আমাদের দেশেও আসছে। সুতরাং আমাদের একটু ধৈর্য ধরতে হবে।

“ইউকের মত দেশ, ৮০ শতাংশের মত বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। সেখানেও মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে। এখন আমরা বিদ্যুতের কিছুটা ভালো অবস্থায় আছি, গত একমাস আগের থেকে। আস্তে আস্তে আমরা আরও ভালোর দিকে যাব।”

বিশ্ববাজারে কমলে বাংলাদেশেও জ্বালানির দাম কমানো হবে বলে আবারও জানান তিনি।

“জ্বালানির ক্ষেত্রেও আমি মনে করি যে, এ অবস্থা থাকবে না। একটা অ্যাডজাস্টমেন্টে যাব। আমরা অপেক্ষায় আছি। বিশ্বে জ্বালানির দামের গতি নিম্নমুখি হলে আমরা অবশ্যই সমন্বয় করব।”