জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেপ্তার
গত ২৭ জুন গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েল হত্যাচেষ্টা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রোববার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
গত ২৭ জুন সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।
জুয়েল হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখে রোববার।
এদিন শুনানিকালে নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়।
কৌঁসুলি হারুন-অর-রশীদ বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করি। নূর মোহাম্মদের আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।“
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৩ অগাস্ট তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাদী হয়ে থানায় মামলা করেন।
