সরকারে থেকে ‘অযথা সময়ক্ষেপণের’ বিন্দুমাত্র ইচ্ছা নাই: আইন উপদেষ্টা
অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারগুলো করে এ সরকার ‘চলে যেতে চায়’, বলেন তিনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে থেকে ‘অযথা সময়ক্ষেপণ’ করার বিন্দুমাত্র ইচ্ছা তাদের নেই।
অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয় সংস্কারগুলো করে এ সরকার ‘চলে যেতে চায়’ বলেও তিনি মন্তব্য করেছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “আমরা আশাবাদী। আমাদের রাজনৈতিক দলগুলো অনেক সংস্কার নিজেরাও করেছে।
“প্রতিটা দলের সংস্কার ভাবনা রয়েছে। এখানে যত প্রস্তাব আছে, এটার মূলনীতিগুলো তিন জোটের রূপরেখার মধ্যেও রয়েছে। উনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয়, এই সংস্কার প্রস্তাবনাগুলো শুধু আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে।”
উপদেষ্টা বলেন, “আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সরকারে থেকে সময়ক্ষেপণ করার বিন্দুমাত্র ইচ্ছা নাই।
“আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার আনা অতিজরুরি, সেগুলো করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই।”
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করে।
এসব কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শনিবার মন্ত্রি পরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অনলাইনে প্রকাশের কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, “কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন।
“কিছু দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাব এসেছে, যেগুলো নির্বাচিত সরকার করবে। আশু করণীয়গুলোর বিষয়ে আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগেই করা হবে। আর মধ্যমমেয়াদী, এগুলো নির্ভর করে রাজনৈতিক দলগুলো কতটুকু করতে রাজি আছে বা ঐকমত্য আছে।”
তিনি বলেন, “আমরা ফেরুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই, যদি তারা মনে করেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবেন।
“আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, সেটা আমি মনে করি, এটা বলার অধিকার অবশ্যই উনাদের আছে। আর দ্রুত বলতে কী, সেটাতো খুব সুস্পষ্ট করে বলেননি।”
যদিও ১৪ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা বারবার করে বলছি যে, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইমপর্টেন্ট বিষয়। আমরা মনে করি যে, এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব।
বুধবার জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য রূপরেখা তুলে ধরে বলেছেন, নির্বাচন একটি জাতির গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য ‘অপরিহার্য’।
তিনি বলেছেন, সবচেয়ে দ্রুতও যদি নির্বাচনের আয়োজন করা হয়, ‘এ বছরের শেষ দিকে’ সেটা হতে পারে।
সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে নির্বাচন আয়োজনের কথা তুলে ধরে বলেন, “এটা প্রধান উপদেষ্টা ও তার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার বলেছেন। জুনের আয়োজনের ক্ষেত্রে বর্ষার সময় বিবেচনায় রেখে আরও আগানো হতে পারে। হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে।”
‘অর্ধেক আশু করণীয় এক মাসেই সম্ভব’
আইন উপদেষ্টা বলেন, “কমিশনগুলো আশু করণীয় সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের দিয়েছে। এসব প্রস্তাবের ৫০ শতাংশ এক মাসের মধ্যেই করে ফেলা সম্ভব বলে আমি মনে করি।"
তিনি বলেন, "আশু করণীয় মানে কবে করণীয়, সে সংজ্ঞাও আছে, জনপ্রশাসন সংস্কার কমিশন বলেছে, আশু করণীয় বলতে আগামী ছয় মাসের মধ্যে কাজগুলো করতে হবে।
“অন্যান্য কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আশু করণীয় বলতে যেটা আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে। এগুলো অবশ্যই আগামী নির্বাচনের আগে করা যেতে পারে বলে তারা মনে করেন।"
আরও পড়ুন
