১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে ‘ফেব্রুয়ারির মাঝামাঝি’ বসতে চায় সরকার

"রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, আমি মনে করি, এটা বলার অধিকার অবশ্যই তাদের আছে। আর দ্রুত বলতে কী, সেটা তো নির্দিষ্ট করে কেউ বলেনি", বলেন আসিফ নজরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে সরকার চলতি মাসের ‘মাঝামাঝি সময়ে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি বলেন, "ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে। 

"কিছু সংস্কার প্রস্তাব দীর্ঘমেয়াদি, যেগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আশু করণীয় যেগুলো আছে, আশা করছি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগেই করা হবে। 

তিনি বলেন, “মধ্যমেয়াদী যেসব সংস্কার প্রস্তাব আছে, সেগুলো নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কতটুকু করতে রাজি আছে, তার ওপর।"

আইন উপদেষ্টা বলেন, “আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই, যদি তারা মনে করেন যে রোজার মধ্যেও আলোচনা চালিয়ে যাবেন।”

তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, আমি মনে করি, এটা বলার অধিকার অবশ্যই তাদের আছে। আর দ্রুত বলতে কী, সেটা তো নির্দিষ্ট করে কেউ বলেনি।"

চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, "এটা প্রধান উপদেষ্টা ও তার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার বলেছেন। বর্ষার কথা মাথায় রেখে জুনের আগেও হতে পারে। এপ্রিলে হতে পারে, মার্চেও হতে পারে।"

বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

'ফ্যাসিবাদের বীজ' ৭২ সালের সংবিধানেই নিহিত: সংস্কার কমিশন