২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডে সোলায়মান সেলিম, নতুন মামলায় সাদেক-বাদশাসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জুলাই আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যা মামলায় হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পাশপাশি সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা, মনিরুল ইসলাম মনুসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন-সাবেক উপপুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

ঢাকার সূত্রাপুরে ২২ বছর বয়সী নাদিমুল হাসান এলেম শিক্ষার্থী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ, সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

সোলায়মান সেলিমের পক্ষে তার আইনজীবী মো. শাহনেওয়াজ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

শুনানিতে তিনি বলেন, “সোলায়মান সেলিমের বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে। মামলায় রিমান্ড চেয়েছে নাম ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য। সেসব কাজ হয়ে গেছে। রিমান্ড চায় থানা পুলিশ, নিয়ে যায় ডিবিতে। বিষয়টি দেখবেন।”

আদালতে প্রসিকিউশনের মো. আসাদুজ্জামান বলেন, এটা একটা হত্যা মামলা। এ মামলা হত্যার আলামত উদ্ধার হয়নি। 

“এ ঘটনায় আর কে কে জড়িত সেটা জানা যায়নি। তার ৭ দিনের রিমান্ড প্রয়োজন।”

পরে আদালত সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

এছাড়া আইনজীবীর অভিযোগটি (রিমান্ড চায় থানা পুলিশ, নিয়ে যায় ডিবিতে) ডকুমেন্টে আকারে জমা দিতে বলে আদালত।

এদিকে মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খানকে, বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুনানিতে এই পাঁচ আসামিকেও আদালতে হাজির করা হয় বলে আদালতের প্রসিকিউশনে মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাইয়ে আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ওই সময় আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণও করা হয়। 

সেদিন দুপুর পৌনে তিনটার দিকে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেমের বাম চোখে গুলি লাগে। এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ২২ অগাস্টে সূত্রাপুর থানায় মামলা দায়ের হয়। মামলার ১০ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সোলায়মান সেলিম।