Published : 06 May 2026, 03:29 PM
প্রায় এক যুগ আগে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘হত্যার’ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিচরকাজে ‘সহযোগিতার প্রস্তাব’ দিয়েছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
তব তিনি রাজসাক্ষী হওয়ার জন্য লিখিত কোনো আবেদন করেননি বলে তার আইনজীবী বলেছেন।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ জলিল মণ্ডল জামিনের আবেদনও করেন, যা আদালত নাকচ করে দিয়েছে।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
পরে আলী হায়দার সাংবাদিকদের বলেন, “রাজসাক্ষী হওয়ার কোনো লিখিত আবেদন দেওয়া হয়নি। এটি জামিন আবেদনের বিষয়টি বিবেচনার জন্য একটি মৌখিক নিবেদন যে, আমরা মাননীয় ট্রাইব্যুনালকে প্রয়োজনে বিচারকাজে সহযোগিতা করতে রাজি আছি। আমরাও বিচার চাই, আমরা নির্দোষ।”
তিনি বলেন, “আমরা ট্রাইব্যুনালকে বলেছি, প্রয়োজনে অনুমতি দিলে আমরা সাক্ষী হতেও রাজি আছি। আসামি যখন সাক্ষী হয়, তখন তো রাজসাক্ষী দেওয়া হয়। এর অর্থ এই নয় যে আমরা লিখিত আবেদন করেছি।
“আদালত আবেদন আনতে বলেননি, আর আমরাও কোনো আবেদন দাখিল করিনি। জামিন আবেদনেও সাক্ষী বা রাজসাক্ষী হওয়ার বিষয়ে কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।”
আসামির শারীরিক অবস্থা ও অবস্থান তুলে ধরে এই আইনজীবী বলেন, “উনি ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন, সম্পূর্ণ নির্দোষ। তিনি ২০১৭ সাল পর্যন্ত চাকরি করে অবসরে গেছেন। ঘটনার পরে কখনো দেশের বাইরে পালিয়ে যাননি। তিনি ২০২০ সাল থেকে অসুস্থ।”
সাবেক এই পুলিশ কর্মকর্তা বিচারকাজে কীভাবে সহায়তা করতে চান—এমন প্রশ্নে আলী হায়দার বলেন, “যেহেতু তখন তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন, তাই এই ঘটনার বিষয়ে যতটুকু জানেন, নিজের অবস্থানে থেকে তা বলতে চান। উনিও চান এরকম একটা ঘটনার যেন সুষ্ঠু তদন্ত ও বিচার হয়।”
আলী হায়দার বলেন, তিনি নিজে মক্কেলের সঙ্গে কথা বলেননি। মামলার মূল আইনজীবী আপিল বিভাগের নুরুল হুদা আনসারী মক্কেলের সঙ্গে কথা বলে এ নির্দেশনা দিয়েছেন। মূল আইনজীবী অন্য কোর্টে ব্যস্ত থাকায় তিনি শুনানি করেছেন এবং মক্কেলের নির্দেশনা অনুযায়ী ট্রাইব্যুনালকে সহযোগিতার ওই মৌখিক প্রস্তাব দিয়েছেন।
শাপলা চত্বরে হেফাজতের ওই সমাবেশের সময় জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। পরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির কমিশনার এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
গেল মার্চ মাসে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ-ডিবি।
নারী ও শিক্ষানীতির বিরোধিতা করে ২০১০ সালে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ ঘটে। পরে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে সংগঠনটি। সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চলে। ওই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের শাপলা চত্বর থেকে সরানো হয়।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর প্রতিবেদন অনুযায়ী ওই রাতের অভিযানে ৬১ জন নিহত হন। তবে তৎকালীন পুলিশের দাবি ছিল, রাতের অভিযানে কেউ মারা যাননি, আর দিনভর সংঘাতে নিহতের সংখ্যা ১১।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ অগাস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও লেখক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, ইমরান এইচ সরকারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এর আগে গত বছরের মে মাসে শাপলা চত্বরের ঘটনায় জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় তিনি ২ নম্বর আসামি। ওই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।