Published : 05 May 2026, 05:10 PM
রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে অপহরণের মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার এ তথ্য দিয়েছেন।
এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার লামিনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান। আসামি পক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিন আবেদন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।
গত ১ মে গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে ১৯ বছরের তরুণ লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একইসময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধারের কথা জানায় পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা ৬ নম্বর সেক্টরে লামিন ও তার সহযোগীরা সেই স্কুলছাত্রীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করেন।
লামিনকে গ্রেপ্তারের পর দিন ২ মে আদালতে হাজির করে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। সেদিন শুনানি নিয়ে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।