পদায়ন পেতে সাড়ে ২২ লাখের লেনদেন, পুলিশ কর্মকর্তার শাস্তি ‘তিরস্কার’
প্রজ্ঞাপনের বলা হয়েছে, নগদ দেওয়া টাকা ও চেক ফেরত না পাওয়ায় রুমেলের সাথে বিবাদে জড়ান রিয়াজ।
জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পেতে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এক কর্মকর্তাকে দেওয়া হয়েছে শুধু ‘তিরস্কারের’ শাস্তি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার তা প্রকাশ করা হয়।
বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ নামের ওই কর্মকর্তা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন।
তবে পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য টাকা লেনদেনের বিষয়টি ‘ঠিক নয়’ বলে দাবি তার।
রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন বছর আগের ঘটনাটি আমার এক আত্মীয়র সাথে রুমেলের (ফোকাস-আর কনসালটেন্সি অ্যান্ড টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেডের কন্ট্রি ডিরেক্টর) ব্যবসায়িক বিষয় ছিল। যেহেতু আমার মাধ্যমে লেনদেন হয়েছে সে কারণে দায়টা আমার উপর পড়েছে।”
প্রজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার থাকা অবস্থায় জেলার পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য সরকারের ঊধ্বর্তন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠতার দাবি করে আসা তাজুল ইসলাম রুমেলকে নগদ সাড়ে ২২ লাখ টাকা এবং জামানত হিসেবে একটি চেক দেন।
রিয়াজ উদ্দিন তার লিখিত ব্ক্তব্যে লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।
পরবর্তী সময় পুলিশ সুপার হিসেবে পদায়ন না হওয়ায় এবং নগদ দেওয়া টাকা ও চেক ফেরত না পাওয়ায় রুমেলের সাথে বিবাদে জড়ান রিয়াজ।
প্রজ্ঞাপনে বলা হয়, “এটি সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি ২০, ৩০ এর পরিপন্থি।”
এতে বলা হয়, এর আগে ব্যসায়িক লাভের আশায় রুমেল নামের ওই ব্যক্তিকে ৩০ লাখ টাকার চেক দিয়েছিলেন রিয়াজ। চেকে টাকার অংশ লেখা থাকলেও প্রাপকের জায়গা খালি ছিল।
“এটি সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি ১৫(২), ১৭ (১) পরিপন্থি।”
প্রজ্ঞাপন অনুযায়ী, রুমেল ‘ফোকাস-আর কনসালটেন্সি অ্যান্ড টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড, বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর।
এ ধরনের আচরণ সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২ (খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’ আওতাভুক্ত শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় পুলিশ কর্মকর্তা রিয়াজের বিরুদ্ধে এ বছর ৩০ এপ্রিল বিভাগীয় মামলা করার পাশপাশি কারণ দর্শানো হয়।
প্রায় এক মাস পর কারণ দর্শানোর জবাব এবং তার দেড় মাস পর ৯ জুলাই ব্যক্তিগত শুনানি হয়।
লিখিত জবাব, অনুসন্ধান প্রতিবেদন, উভয় পক্ষের বক্তব্য ও উপস্থাপিত শুরুত্বপূর্ণ প্রমাণ পর্যালোচনা করে রিয়াজের বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে ‘অপরাধের প্রকৃতি ও মাত্রা’ বিবেচনায় অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী রিয়াজকে ‘তিরষ্কার’ দণ্ড দেওয়া বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
