১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় আরও দুই দিনের রিমান্ডে আফজাল নাছের

২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

জুলাই আন্দোলন ঘিরে মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছের জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন  এ আদেশ দেন।

২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ২৯ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর এই সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ওইদিন তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরো চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।

গত ১৭ ও ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তার তিন দিন করে এবং ২৩ এপ্রিল মাহমুদুল হত্যা মামলায় চার দিনের রিমান্ডের আদেশ হয়।

রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন,"রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করি। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়। উভয়পক্ষের শুনানি অন্তে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।"

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট  উত্তরা পূর্ব থানাধীন থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন  মাহমুদুল হাসান। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিরা বেআইনিভাবে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর গুলি বর্ষণ করেন। 

আসামিদের ছোড়া গুলি মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা হয়।