ঢাকার রামপুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরসহ দুজনের
নিহতদের একজন চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
ঢাকার রামপুরা সেতুর কাছে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালের এ দুর্ঘটনায় প্রাণ হারান মেহেদী হাসান পারভেজ (১৩) ও জাহিদ হাসান (২৪) নামের দুজন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “হাসানের ভাই ইমরান বিকাল সাড়ে ৫টার দিকে তাকে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাতিরঝিল থানার এসআই মো. মিনহাজ বলেন, ভিক্টর পরিবহনের বাসটি পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কিশোর পারভেজ মারা যান। আর জাহিদ মারা যান হাসপাতালে।
চালককে গ্রেপ্তারের পাশাপাশি বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
নিহত জাহিদের ভাই ভাই ইমরান হোসেন বলেন, “জাহিদ চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিকালে দুজন মিলে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে থেকে গুলশানের পুলিশ প্লাজায় যাচ্ছিলাম।
“রামপুরা ব্রিজের কাছে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দেয়। তাতে জাহিদ গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাই।”
ইমরানদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে।
পুলিশ কর্মকর্তা মিনহাজ বলেন, “শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হাসপাতালে যেহেতু্ হাসানের মরদেহ রয়েছে, ধারণা করা হচ্ছে একই দুর্ঘটনায় দুজন মারা গেছেন।”
কিশোর পারভেজের বিস্তারিত পরিচয় তাৎক্ষিণিকভাবে জানাতে পারেননি।
