Published : 04 Jul 2025, 06:16 PM
জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় পারভেজ বেপারী হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি লতিফ ভূইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূইয়া কামালকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোক্তার হোসেন জানান, আসামি লতিফ ভূইয়া কামালের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে আসামিকে তিনদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার গভীর রাতে লতিফকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক এ চেয়ারম্যান মামলার ১৩৩ নম্বর আসামি।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে অবস্থান করছিলেন ৫০০/৭০০ বিক্ষোভকারী। বিকালে তাদের ওপর আক্রমণ করা হয়। এসময় গুলিতে ফার্নিচার দোকানোর কর্মচারী পারভেজ গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৬ মে তার বাবা সবুজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, ফারুক খান, কামরুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, প্রাণ গোপাল দত্ত, খসরু চৌধুরী, এ এম নাইমুর রহমান দুর্জয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সালমা চৌধুরী, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান।