২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায় রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার
খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 12:20 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায়, বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান। কিন্তু ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিন দিন পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।