রাউজানে র্যাবের অভিযানে অস্ত্রসহ ধরা দুজন
অস্ত্রগুলো বিভিন্ন সংঘাতপূর্ণ কাজে ব্যবহার করা হয়, বলছে র্যাব।
চট্টগ্রামের রাউজানে একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর কথা জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তার দুজন হলেন- মো. কামাল (৫০) ও সোহেল আহম্মেদ (৩৩)। সম্পর্কে তারা চাচাত ভাই।
অভিযানে তিনটি এক নলা বন্দুক, ছয়টি ওয়ান শুটার গান, পাঁচটি চাইনিজ কুড়াল, পাঁচটি রামদা ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদে কামালের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো বিভিন্ন সংঘাতপূর্ণ কাজে ব্যবহার করা হয়।
“এক বছরের বেশি সময় ধরে রাউজান এলাকাটা বেশি সংঘাতপূর্ণ। আমরা রাউজানে প্রায়শ অভিযান পরিচালনা করেছি। সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়ার প্রয়োজন ততটুকু কঠোর হব।”
বিভিন্ন সময়ে রাউজানে হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “এসব হত্যাকাণ্ডের সবগুলো রাজনৈতিক বলা হয়ত সম্পূর্ণ সঠিক হবে না। রাজনৈতিক, ব্যক্তিগত, চাঁদাবাজি কিংবা প্রভাব বিস্তারসহ নানা কারণে এ হত্যাকাণ্ডগুলো হয়েছে।”
