২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকসহ আওয়ামী লীগ আমলের সব নিয়োগ যাচাই করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

গবেষণা প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখতেও কমিটি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 09:18 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ কার্যক্রমে অনিয়ম খুঁজতে কমিটি করা হয়েছে।

উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে ওই কমিটিতে সব অনুষদ ডিনকে রাখা হয়েছে।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা যাচাইয়ে কমিটি ছাড়াও বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে ‘হেকেপ’ প্রকল্পের আওতায় গবেষণা কার্যক্রম পর্যালোচনা এবং প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখতেও আরেকটি কমিটি করা হয়েছে।

উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করার কথা বলছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘অবস্থানের’ অভিযোগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬৮ জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে।

পটপরিবর্তনের পর অ্যাকাডেমিক কার্যক্রমে ‘নিষিদ্ধ’ হওয়া শিক্ষকদের অনেকের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় ‘উসকানি’ দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীদের কেউ কেউ।

আবার কোনো কোনো শিক্ষক ২০২৪ সালের ৩ অগাস্ট ‘নীল দল’ এর মিছিলে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের ‘বয়কটের’ শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার সিন্ডিকেটের এক সভায় বিভিন্ন অভিযোগে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে ‘অশিক্ষকসুলভ আচরণ’, ‘নৈতিক স্খলনজনিত অপরাধের’ অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ভিন্ন অভিযোগে একই ব্যবস্থা নেওয়া হয়েছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা শেলীর বিরুদ্ধেও।

এ ছাড়া চার শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মলচত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ অগাস্ট ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।