১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রোজা সামনে রেখে ‘মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা ইশরাকের

“নিম্নআয়ের মানুষ ঠিকমত খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার নিজের ফেইসবুক পেইজে ইশরাক লেখেন, “রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

“…কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ রেহাই পাবে না। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।”

দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপ, ফ্রেশ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, নাবিল গ্রুপ ও এসিআই লিমিটেডের নাম তুলে ধরে হুঁশিয়ারি দেন এ প্রতিমন্ত্রী।

তিনি লেখেন, “(নিজের) নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।…সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিকমত খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।”