২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন অংশে বিজিবি মোতায়েন

সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বিকালে এ তথ্য দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।

শুক্রবার বিকালে সীমান্ত রক্ষাকারী বাহিনীটির এক বার্তায় এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ বলেছে, সিঙ্গাপুরে মারা যাওয়া হাদির মরদেহ বহনকারী উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে। সেখান থেকে তার কফিন নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে।

হাদির নামাজে জানাজা শনিবার দুপুরে সংসদ এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিন বিকালে বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন সন্ধ্যা ৬টার দিকে হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর তথ্য দিয়ে বলেন, বিমানবন্দর এলাকায় পুলিশ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। 

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।

পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।এ খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।