Published : 17 Jun 2026, 07:29 PM
অধিবেশনে সংসদ সদস্যদের দিকে ‘আঙুল তুলে নির্দেশ’ করা হয়েছে অভিযোগ তুলে আর্কাইভ থেকে সেটি এক্সপাঞ্জ ফেলার দাবি জানিয়েছেন নেত্রকোণা-৩ আসনের এমপি রফিকুল ইসলাম হিলালী।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আঙুলের নির্দেশ’ তো এক্সপাঞ্জ করা যায় না। অসংসদীয় বক্তব্য থাকলে তা পরীক্ষা করে দেখা হবে।
বুধবার সংসদে বাজেট আলোচনার একপর্যায়ে রফিকুল ইসলাম বলেন, “গত রোববার বিরোধীদলের একজন সিনিয়র সদস্য মাদক, মদ ও সিগারেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, তার পেছনের সারিতে যারা আছেন তারা মাদক গ্রহণ করেন না। আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন যে, মাদক গ্রহণ উনারা করেন না, আমরা করি।
রফিকুল বলেন, “আমরা কখনো সরকারি দলের সদস্য হোক, বিরোধীদলের সদস্য হোক, সম্মান হানি হয় এ ধরনের কথা বলি না, বলব না। রোববারের সেই আর্কাইভ থেকে আপনার (স্পিকার) কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশ করেছিলেন, সেটা এক্সপাঞ্জ করা হোক।”
জবাবে স্পিকার বলেন, “পরীক্ষা করে দেখব যে বিরোধীদল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন।
“আরেকটা আপনি বলেছেন যে অঙ্গুলি নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলি নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না। কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে।”