০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিলল ময়লার স্তূপে, জখমের চিহ্ন

শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 03:52 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় নিখোঁজের একদিন বাদে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ মিলেছে ময়লার স্তূপে।

মঙ্গলবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

রোজা মনি নামের শিশুটি সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল। স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খুঁজে তার হদিস না পেয়ে মাইকিংও করে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার একটি স্তূপে একটি বেওয়ারিস বস্তা দেখেন স্থানীয়রা। তারা বস্তা খুলে রোজা মনির লাশ দেখতে পায়। শিশুটির দেহে পোড়ার ক্ষত বা ফোসকার মতো জখম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তেজগাঁও থানার এস আই আবদুল কাদের বলেন, “শিশুটির শরীরে ফোসকার মতো ক্ষত রয়েছে। ধারণা করা যায়, তার শরীরে গরম পানি বা এ ধরনের কোনো কিছু ঢেলে দেওয়া হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।”

পুলিশের একজন কর্মকর্তা বলেন, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, সেটিও তারা সন্দেহ করছেন। ময়নাতদন্তের সময় বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুরোধ করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “মঙ্গলবার স্থানীয়রা শিশুটির বস্তাবন্দি লাশ পেয়ে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে এটা বলা যায় যে, শিশুটিকে হত্যার পর লাশ গুমের জন্য কেউ এটা করে থাকতে পারে।”