বন্দর, বিদ্যুৎ ও জ্বালানিতে সৌদি বিনিয়োগ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
বন্দর, বিদ্যুৎ ও জ্বালানিতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে এসব খাতের প্রকল্পে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগ আহ্বান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার রাতে রাজধানীতে সৌদি প্রতিনিধি দলের অংশগ্রহণে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কেবল মানবসম্পদ নয়, বিদ্যুৎ কেন্দ্র ও নবায়নযোগ্য জ্বালানিতেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। তাই এ দেশের বন্দর, বিদ্যুৎ, জ্বালানিসহ মেগা প্রকল্পে বিনিয়োগে সৌদি আরবকে সবসময় স্বাগত জানায় বাংলাদেশ।”
বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি কর ছাড়, মুনাফার নিশ্চয়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
ঢাকার একটি হোটেলে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে ২০ সদস্যের সৌদি প্রতিনিধি দল অংশগ্রহণ করে, যার নেতৃত্বে ছিলেন শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ। তিনি মাজদ আল উমরান গ্রুপের কর্ণধার। ‘হসপিটালিটি’ ও আবাসনসহ বেশ কিছু খাতে ব্যবসা রয়েছে এ গ্রুপের।
প্রতিনিধি দলে ছিলেন আল ইসায়ি গ্রুপের পরিচালক নাজি আব্দুল্লাহ। সেবা, উৎপাদনসহ নানা খাতে বিনিয়োগ আছে এ কোম্পানির। এ ছাড়া একটি আইটি কোম্পানির কর্ণধার বাদশাহ আব্দুল আজীজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আসিফ সালাম, সৌদি আরবের আল তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালিদ আল হারবিও অংশ নেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অনুষ্ঠান উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দসহ রাজনৈতিক, ব্যবসায়িক ও কূটনৈতিক মহলের দুইশর বেশি প্রতিনিধি ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুই দেশের সম্পর্ক শুধুমাত্র ধর্মীয় বা মানবিক নয়, এটি পারস্পরিক আস্থার ওপর দাঁড়ানো এক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব। এসএবিসিসিআই সেই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন দুয়ার খুলে দেবে।”
তিনি বলেন, “বর্তমান সরকার ব্যবসার পরিবেশ উন্নয়নে প্রতিশ্রুত। সৌদি আরবের ভিশন ২০৩০ পূরণে বাংলাদেশ অংশীদার হবে।”
এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
