০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে ২৫৭টি: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

পরিষদের হিসাবে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এসব সহিংসতায় প্রাণ গেছে ৪৪ জনের।

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে ২৫৭টি: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 09:15 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে অন্তত ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। 

সংগঠনটির ভাষ্য, হামলার সংখ্যা আগের চেয়ে কমলেও তা ‘ঢালাও গণআক্রমণের বদলে’ নির্দিষ্ট ব্যক্তি, উপাসনালয় ও সম্পত্তিকেন্দ্রিক ‘নির্যাতনে’ রূপ নিয়েছে। 

চলতি বছরের প্রথম ছয় মাসের সহিংসতার চিত্র তুলে ধরতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসে সংগঠনটি।   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

তিনি বলেন, গত জানুয়ারি থেকে জুন— এই ছয় মাসে দেশে অন্তত ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ গেছে ৪৪ জনের। এছাড়া উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৬২টি, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ৪৭টি এবং জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটেছে ৩৬টি। 

একই সময়ে কথিত ধর্ম অবমাননার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার ও নির্যাতনের হিসাব দিয়ে সংগঠনটি বলেছে, তারা নারী নির্যাতন, অপহরণ ও হুমকির একাধিক ঘটনা নথিভুক্ত করেছে।

২০২৪ সালের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত টানা ২৩ মাসের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 

এতে বলা হয়, এই সময়ে দেশে মোট ২ হাজার ৯৬৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। এর ৭৩ দশমিক ৭ শতাংশ ঘটে ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে পরের পাঁচ মাসে। এরপর ২০২৫ সালে ঘটে ১৭ দশমিক ৬ শতাংশ এবং চলতি বছরের প্রথম ছয় মাসে ঘটে বাকি ৮ দশমিক ৭ শতাংশ ঘটনা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, ভিক্ষু সুনন্দপ্রিয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু এবং ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র শীল।