২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

বাকি তিন জেলা হলো— গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 05:38 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সামনে করে বিভিন্ন স্থানে আগুন ও হাতবোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেওয়া হয়েছে।

এসব এলাকায় ‘সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ বিজিবি দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার রায় ঘোষণা হবে সোমবার। 

এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে।

মামলার অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

এর মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

এই রায় ঘিরে সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

শেখ হাসিনার রায় সামনে রেখে কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার মধ্যে চার জেলায় বিজিবি মোতায়েন করা হলো।