ঈদের দিন বৃষ্টি না হওয়ার কামনায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক
“প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ এখানে পড়বেন। আমরা তাকে দাওয়াত করেছিলাম, তিনি গ্রহণ করেছেন।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক আব্দুস সালাম চান, ঈদের দিন যেন বৃষ্টি না হয়; কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন জাতীয় ঈদ গা ময়দানে ঈদের নামাজ পড়বেন!
সোমবার জাতীয় ঈদ গা ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ এখানে পড়বেন। আমরা তাকে দাওয়াত করেছিলাম, তিনি গ্রহণ করেছেন।”
ঈদের দিন বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে, সে বিষয়টি সামনে আনলে প্রশাসক বলেন, “আমি কামনা করছি ঈদের দিন যেন বৃষ্টি না হয়। এখানে প্রধানমন্ত্রী নামাজ পড়বেন।
“যদি বৃষ্টি হয় তাহলে বিকল্প তো বায়তুল মোকাররম মসজিদ রয়েছে। সেখানে জামাত হবে।”
ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চলছে প্রস্তুতির কাজ।
শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে প্রশাসক আবদুস সালাম বলেন, “স্বচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরাবসীদের কাছে অনুরোধ করব, এমন কিছু যেন সঙ্গে না আনেন, যাতে নিরাপত্তা ইস্যু তৈরি হয়।”
তিনি জানান, ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার নারী ও পুরুষ ঈদের নামাজ পড়তে পারবেন। অজুর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
