গানে, কবিতায় হারেজ ফকিরের ওপর হামলার প্রতিবাদ
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলছেন, জামায়াত ও মৌলবাদী শক্তি ‘বিষবৃক্ষে’ পরিণত হচ্ছে, নড়াইলে হারেজ ফকিরের ওপর হামলা তার প্রমাণ।
নড়াইলে লালন সাধক হারেজ ফকিরের ওপর হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং সংগীত চর্চার উপকরণ তছনছ করার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। প্রতিবাদী গান আর আবৃত্তিতে হারেজ ফকিরের ওপর হামলার প্রতিবাদ জানান উদীচীর শিল্পীরা।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে,কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক জসিম উদ্দিন, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের সংগঠক আকরামুল হক, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম এবং উদীচীর কোষাধ্যক্ষ বিমল মজুমদার।
অমিত রঞ্জন দে বলেন, "সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ভেতরে ভেতরে বিষবৃক্ষে পরিণত হচ্ছে জামায়াত ও মৌলবাদী শক্তি, যার প্রকৃষ্ট প্রমাণ নড়াইলের কালিয়ায় জামায়াতের রোকন এবং আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বড় ভাই আলী মিয়ার নেতৃত্বে বাউল সাধক হারেজ ফকিরের উপর হামলা ও তার সংগীতচর্চার যন্ত্রপাতি ভাঙার ঘটনা। তারা সরকারের আঁচলের তলে বসে একের পর এক দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।"
তিনি বলেন, "তারা কোথাও সাম্প্রদায়িক হামলা করছে, আবার কোথাও সংস্কৃতি চর্চার অনুষঙ্গগুলি ভাঙচুর, অগ্নিসংযোগ বা লুটপাটে মূল ভূমিকা পালন করছে। এমনকি সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলোকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিচ্ছে, সম্পত্তি দখল করছে। সময় এসেছে এদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার।"
গত ২৭ অগাস্ট বেলা ১১টার দিকে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে লালনসাধক হারেজ ফকিরকে মারধর ও গালি-গালাজ করা হয়। সেদিন সন্ধ্যার পর পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল ইসলাম মণির অফিসে সালিশ বসে।
সালিশ শেষ হওয়ার পর রাত ১১টার দিকে ১০-১৫ জনের একটি দল পুরুলিয়া বাজে-বাবরা গ্রামে হারেজ ফকিরের ‘শরিফা বাউল আশ্রমে’ ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন হারেজ ফকির। তার অভিযোগ, চেয়ারম্যান আমিরুল ইসলাম মণির বড়ভাই মো. আলী মিয়া শেখের নির্দেশে চাচাতো ভাই মিন্টু শেখের নেতৃত্বে ওই হামলা হয়।
মিন্টু শেখ ও আমিরুল ইসলাম মণি হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। আর কালিয়া থানার ওসি তাসনিম হোসেন স্থানীয় সংবাদিকদের বলেছেন, পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
