২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প

আগের দিন সকালে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ।

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

সাড়ে সাত ঘণ্টার মধ্যে আবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ।

শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে ঝাঁকুনি অনুভূত হয়।

তবে মৃদু মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এক ঘণ্টা পরও পায়নি ঢাকার ফায়ার সার্ভিস।

আগের দিনের তীব্র ভূমিকম্পের পর দিনের দ্বিতীয় এ ভূমিকম্প ছিল মৃদু মাত্রার। রিখটার স্কেলে এর ৩ দশমিক ৭ বলে জানায় আবহাওয়া অধিদপ্তরে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

এটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডা; যা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬ কিলোমিটার পূর্বে বলে এক বার্তায় জানান আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প হয়, যেটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ মাত্রা। ওই ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। 

প্রথমে সেটির উৎপত্তিস্থল বলা হয় সাভারের বাইপাল। পরে তা নরসিংদীর পলাশ বলে জানায় ভূকম্পন পর্যবেক্ষণ অধিদপ্তর। 

এদিকে দিনের দ্বিতীয় ভূমিকম্পের তথ্যে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, সন্ধ্যার এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাড্ডা নয়, এটির কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অপরদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) বলছে, সন্ধ্যার এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর-পূর্ব দিকে।

সন্ধ্যায় আবারও রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাকে কাঁপিয়ে যাওয়া ভূমিকম্পের ঘণ্টাখানেক পর রাজধানীর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কোথাও থেকে কোনো ফোন আসেনি।

কয়েক ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্পের ঝাঁকুনি অনূভব করার আগের দিনই শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ।

তাতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়, আহত হয় ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীরই মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

তীব্র ঝাঁকুনির এ ভূমিকম্পের পর এখনই করণীয় ঠিক করতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী সরকারকে সতর্ক করে দিয়ে এ বিশেষজ্ঞ বলছেন, “আজকের ভূমিকম্পটা বলা যেতে পারে ‘ফোরশক’। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট যে ভূমিকম্প, এটা সেগুলোর একটি।”

এ অঞ্চলে বড় ভূমিকম্পের শঙ্কা যে রয়েছে, সেটা স্মরণ করে দিয়ে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্পন হলে ২ থেকে ৩ লাখ মানুষ হতাহত হবে। পাঁচ থেকে সাত লাখ মানুষ অবরুদ্ধ হওয়ার পাশাপাশি ভেঙে পড়তে পারে ঢাকা শহরের ৩৫ শতাংশ ভবন।

বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের ভূমিকা এড়ানো হয়ত সম্ভব নয়, তবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে।

সেক্ষেত্রে ভবনের মান পরীক্ষা করা, ঝুঁকির ভিত্তিতে সেগুলোকে আলাদা করা এবং নাগরিকদের সতর্ক করাসহ নিয়মিত মহড়া আয়োজনে জোর দেওয়ার কথা বলেছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার শুক্রবার বলেন, “বাংলাদেশ কম ভূমিকম্পপ্রবণ দেশ হলেও ঝুঁকির দিক দিয়ে খুব উপরে রয়েছে। যে পরিমাণ শক্তি ইন্ডিয়ান-বার্মা প্লেটের সংযোগ স্থলে জমা হয়ে আছে, সেই শক্তিটা যদি বের হয়, তাহলে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে।

“এটা আগামীকালও হতে পারে, ৫০ বছর পরেও হতে পারে। কখন হবে, সেটা আমরা বলতে পারি না। তবে যেটা হবে, সেটা খুব মারাত্মক হবে। ‘সাবডাকশন জোনের’ ভূমিকম্প ভয়ঙ্কর হয়।”

আরও পড়ুন:

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, নরসিংদীই উৎপত্তিস্থল