১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই: টিআইবি

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা দলগুলো প্রতিশ্রুতি কতটুকু রাখবে এবং গণভোট বিষয়ে তাদের অবস্থান নির্বাচনের ইশতেহারে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 11:55 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

জুলাই সনদের আলোকে ‘বৈষম্যহীন’ বাংলাদেশ বিনির্মাণ ও ‘কার্যকর’ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, ‘‘এজন্য গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই।”

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা দলগুলো প্রতিশ্রুতি কতটুকু রাখবে এবং গণভোট বিষয়ে তাদের অবস্থান নির্বাচনের ইশতেহারে স্পষ্ট করারও আহ্বান জানিয়েছে টিআইবি। 

সংস্থাটি ধানমন্ডি কার্যালয়ে বার্ষিক সভা শেষে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলেছে, “জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি, এমন সব সুপারিশসহ আলোচনার বাইরে থাকা সংস্কার কমিশন বিশেষ করে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকারবিষয়ক কমিশনের প্রস্তাবিত সুপারিশমালার বিষয় যেন বিস্মৃত হয়ে না যায়।”

নির্বাচন নিয়ে টিআইবি বলেছে, ‘‘আসন্ন নির্বাচনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল, কর্তৃত্ববাদের বিদায়ের মধ্য দিয়ে জনমনে স্বাধীন ও অসংকোচ মত প্রকাশের যে প্রত্যাশার সঞ্চার হয়েছে ভোটাধিকার প্রয়োগে তা পূরণে কার্যকর পরিবেশ সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণ করা এবং সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

“কর্তৃত্ববাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র দেশ যেভাবে একসঙ্গে লড়েছে, একটি সুশাসিত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সেই বন্ধন অটুট রেখে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সহঅবস্থান বিষয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার বা প্রত্যয় তাদের নির্বাচনি ইশতেহারে তুলে ধরতে হবে।”

বিদেশে পাচার হওয়া সম্পদ চিহ্নিত ও জব্দ করে অবিলম্বে দেশে ফেরত আনতেও সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছে টিআইবি।