২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ: বিশেষজ্ঞদের সঙ্গে আরেক দফা বৈঠক ঐকমত্য কমিশনের

“তারা জুলাই সনদের খসড়া পর্যালোচনা করেন এবং বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিকগুলো নিয়ে মতামত দেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার পাশাপাশি বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিন ঘণ্টার বেশি সময় এ বৈঠক হয় বলে জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞ হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শরিফ ভূইয়া ও ইমরান সিদ্দিক এ আলোচনায় অংশ নেন। 

তারা জুলাই সনদের খসড়া পর্যালোচনা করেন এবং বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিকগুলো নিয়ে মতামত দেন বলে জানান পবন।

কমিশনের পক্ষে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। 

এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় অংশ নেন। 

সনদ চূড়ান্ত করতে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর কাছ থেকে সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে মতামত নেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া সেসব মতামতও রোববারের সভায় পর্যালোচনা করা হয় বলে জানান পবন।

সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং সংস্কার সিদ্ধান্ত বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে এ্র আগে ১০ আগস্ট জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।

পুরনো খবর-

সংস্কার: বাস্তবায়নের পথ খুঁজতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন