২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হচ্ছেন শামীমা পারভীন

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 12:33 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

পুলিশিং ও ক্রীড়াসংক্রান্ত কর্মকাণ্ডে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে কাউন্সিলের চিঠিতে বলা হয়েছে।

এপিএসসির এক চিঠিতে শামীমা পারভীনকে উপদেষ্টা হিসেবে মনোনয়নের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, শামীমা পারভীনের জ্ঞান, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা এশিয়ার পুলিশ সংস্থাগুলোর মধ্যে পুলিশ ক্রীড়া সহযোগিতা, সৌহার্দ্য এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ বাড়াতে কাউন্সিলের জন্য গুরুত্বপূর্ণ হবে।

উপদেষ্টা হিসেবে শামীমা পারভীনকে পুলিশ ক্রীড়ার উন্নয়ন ও প্রসার, আঞ্চলিক সহযোগিতা, ক্রীড়া আয়োজন এবং এপিএসসির অন্যান্য উদ্যোগের বিষয়ে কাউন্সিলকে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কাউন্সিল আশা করছে শামীমা পারভীন মনোনয়ন গ্রহণ করে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলকে তার মূল্যবান সহযোগিতা ও সমর্থন দেবেন।

শামীমা পারভীন বর্তমানে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।