১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীসহ আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনিরের ব্যাংক হিসাব অবরুদ্ধ

“৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 02:06 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালতভ 

সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন সিআইডির পরিদর্শক বিল্লাল হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “মনির আহম্মেদ আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর নামে সমিতির সদস্য এবং ১০০০ থেকে ১১০০ নিরীহ লোকের কাছ থেকে অধিক মুনাফা প্রদান করার কথা বলে টাকা নিয়ে ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। 

“এসব অর্থ দিয়ে ফ্ল্যাট, জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়।”  

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে থাকা ছয়টি ব্যাংকহিসাব অবরুদ্ধ থাকা একান্ত প্রয়োজন বলে আবেদনে বলা হয়।