ভবন থেকে ফেলে গৃহকর্মী ‘হত্যা’: বাবার ‘আপসে’ আসামিদের জামিন
“এ ধরনের মামলা টাকা ছাড়া কি আপস হয়?” বলেন বিবাদীর আইনজীবী।
গৃহকর্মী মেয়ে হত্যার বিচার চেয়ে মামলা করার ১৮ দিন বাদেই আসামিদের জামিন করিয়ে নিয়েছেন রিক্তা মণির বাবা শাহিন মিয়া।
বাদীর আপত্তি না থাকায় গেল ৭ জুলাই জামিন পান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাত বর্নি।
গেল ১৯ জুন ভোরে ঢাকার ধানমন্ডির ৯/এ সড়কের ১১ তলা একটি ভবনের নিচে পড়ে ছিল গৃহকর্মী ১২ বছর বয়সি রিক্তা মণির নিথর দেহ। এ ঘটনায় সবিবুর দম্পতির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে পরদিন ধানমন্ডি থানায় মামলা করেন দিনমজুর শাহিন।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে ২০ জুন রিমান্ডে নেয় পুলিশ। ২৩ জুন রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
দুই সপ্তাহ বাদে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ এলিনা আক্তারের আদালতে জামিন পান সবিবুর দম্পতি।
জামিনের আদেশে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুনের অভিযোগে মামলা।
“বাদীপক্ষ আদালতে উপস্থিত হয়ে বলেন, ভুল বুঝে হত্যা মামলা করেছে। তার মেয়ে আত্মহত্যা করেছে। আসামিদের ভুল বুঝে মামলায় যুক্ত করেছে। জামিনে আপত্তি নেই তাদের। একটি অ্যাফিডেভিট করে জামিনের প্রার্থনা করে বাদীপক্ষ।”
জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন বলেন, “৭ জুলাই তারা জামিন পান। বাদী জামিন শুনানিতে উপস্থিত ছিলেন।
“আমরা কোর্টে যাওয়ার আগেই তিনি সেখানে হাজির হন। আসামিদের জামিনে আপত্তি নেই বলে জানান। পরে আদালত তাদের জামিনের আদেশ দেন। ওইদিনই তারা কারামুক্ত হন।”
আপস হয়েছে কি না, এমন প্রশ্নে এ আইনজীবী বলেন, “হতেও পারে। আমি জানি না। এ ধরনের মামলা টাকা ছাড়া কি আপস হয়?”
এ বিষয়ে জানতে বেশ কয়েক দিন ধরে রিক্তা মণির বাবা শাহিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
বৃহস্পতিবার রাতে ফোন ধরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা দিছে না (দেয়নি)। টাকা চাইনি। আমি বিচার চাই।”
মামলার বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজকে একাধিকবার ফোন করা হয়। তবে তার সাড়া মেলেনি।
যোগাযোগ করা হলে ধানমন্ডি মডেল থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মেয়েটিকে খুন করা হয়েছে কি না তা এখনো জানা যায়নি। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আগামী মাসে আদালতে প্রতিবেদন জমা দেব।”
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, “আপস বাদী-বিবাদীর বিষয়। আমরা আমাদের মত কাজ করে যাব। তাদের আপস আমাদের তদন্তে কোনো প্রভাব ফেলতে পারবে না।”
আপস প্রশ্নে বক্তব্য জানতে সবিবুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তার স্ত্রী ফারাহ নুসরাত বর্নির নম্বরও খোলা পাওয়া যায়নি।
শাহিন মিয়া মামলায় অভিযোগ করেন, পারিবারিক অসচ্ছলতার কারণে পূর্ব পরিচিত গাজিবুর রহমানের কথায় মেয়েকে গৃহকর্মীর কাজে দিতে রাজি হন শাহিন। মাসিক চার হাজার টাকা বেতনে তিনি মেয়েকে কাজে পাঠান।
পরে রিক্তার মা মাজেদা গৃহকর্ত্রীর মোবাইলে ফোন করলে তিনি বলেন, রিক্তা ভালো আছে। কয়েকদিন পর মাজেদা ইমোতে যখন ফোন করেন, তখন রিক্তা কান্নাকাটি করছিল; তার চোখ-মুখ ফোলা অবস্থায় দেখতে পান মাজেদা। শারীরিক নির্যাতনের কথা জিজ্ঞাসা করলে রিক্তার কাছ থেকে মোবাইল কেড়ে নেন গৃহকর্ত্রী বর্নি। মাজেদা বেগম বিষয়টি তার স্বামীকে জানান। এতে চিন্তায় পড়ে যান শাহীন। তিনি মধ্যস্থতাকারী গাজিবুরকে বলেন যাতে মেয়েকে ফিরিয়ে দেওয়া হয়। তখন গাজিবুর বলেন, তার পরিচিত আইয়ুব আলীর মাধ্যমে রিক্তা কাজ পেয়েছে, আর আইয়ুব গৃহকর্তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। রিক্তাকে ফেরাতে হলে ১০ হাজার টাকা ফেরত দিতে হবে।
মামলার বিবরণ অনুযায়ী, এরপর শাহিন ফোন করলে গৃহকর্ত্রী বর্নি বলেন, রিক্তাকে ফিরিয়ে নিতে হলে বিকাশে ১০ হাজার টাকা দিতে হবে। ১৮ জুন রিক্তার মা মাজেদা ফোন করলে গৃহকর্তী বর্নি বলেন, রিক্তা মণির জন্য তিনি ১০ হাজার টাকার কাপড় কিনেছে। এখন তাকে নিতে হলে আরেকজন কাজের লোক দিতে হবে। পরদিন সকালে ফোন দিলে মেয়ের সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান গৃহকর্ত্রী।
এরপর ১৯ জুন সকাল ৭টার দিকে গাজিবুর ফোনে শাহিন মিয়াকে জানান, রিক্তা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। মাজেদা ও গাজিবুর দ্রুত ওই হাসপাতালে গিয়ে গৃহকর্ত্রীকে ফোন করেন। বর্নি তাদের একটু অপেক্ষা করতে বলেন। পরে গৃহকর্ত্রীর ফোন বন্ধ পাওয়া যায়।
দুই ঘণ্টা বাদে আইয়ুব আলী ফোনে গাজিবুর রহমানকে বলেন, রিক্তা ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। মাজেদা ও গাজিবুর সেখানে গিয়ে জানতে পারেন, রিক্তা মণি মারা গেছে। তার লাশ অ্যাম্বুলেন্সে রাখা। মাজেদা বেগম অ্যাম্বুলেন্সের ভেতরে প্রবেশ করে রিক্তার লাশ ওলট-পালট করে দেখেন, মেয়ের বাম হাত ভেঙে মাংসপেশি ছিঁড়ে হাড় বেরিয়ে গেছে, যা অনেকটা কোপের আঘাতের মতো।
পরে শাহিন মিয়া ধানমন্ডিতে এসে জানতে পারেন, রিক্তা ১৯ জুন সকাল ৬টার দিকে ওই বাসার ১১তলার বারান্দা থেকে নিচে পড়ে গেছে। তার ধারণা, আসামিরা রিক্তা মনিকে নির্যাতন করে হত্যা করে ফেলে দিয়েছে।
রিক্তা মণিদের বাড়ি সুনামগঞ্জের সালনা থানার নিজগাঁও গ্রামে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
আরও পড়ুন:
