১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গৃহকর্মী হত্যা মামলায় স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী কারাগারে

দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 05:28 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

রাজধানীর ধানমন্ডির একটি ‘ভবন থেকে ফেলে’ রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পাউবো) সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার তাদের জামিন আবেদন নাকচ করে আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজ। আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ খান খোকন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবুর বাশার এ তথ্য দিয়েছেন।

শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ভবন থেকে রিক্তা মণির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহিন মামলা করেন।

রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানায়। বাবা পেশায় দিনমজুর। চার বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।