২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগ পাচ্ছেন আরও ২৪ প্রার্থী

এর আগে গত ২৬ নভেম্বর ৩১৪৯ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 09:33 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজে চারটি ক্যাটাগরিতে 'জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)' পদে নিয়োগ পেয়েছেন আরও ২৪ জন প্রার্থী। 

গত ২৬ নভেম্বর ৩১৪৯ জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের দশম গ্রেডে বেতনভুক্ত ৪৪টি ক্যাটাগরির এসব পদে নিয়োগের 'সাময়িক' সুপারিশ করা হয়েছিল।

মঙ্গলবার আরও ২৪ জনকে উত্তীর্ণ করে মোট ৩১৭৩ পদের 'সংশোধিত ও পরিবর্ধিত ফল' প্রকাশ করেছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন (পিএসসি)। 

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে ৩১৪৯ আর এখন চার ক্যাটাগরিতে আরো নতুন ২৪ জনসহ ৩১৭৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে সংশোধিত ও পরিবর্ধিত ফল প্রকাশ করা হয়েছে।"

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক পাওয়ার), জুনিয়র ইন্সট্রাক্টর (টেক ফার্ম মেশিনারী), জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এবং জুনিয়র ইন্সট্রাক্টর (টেক অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিক্যাল বেসিকস) (১০ম গ্রেড) পদে নিয়োগ পাবেন তারা। 

মনোনীত প্রার্থীদের ফলাফল ও বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।