১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গতবছরের ১৯ অগাস্ট রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান এবং মেয়ে উম্মে সাওদা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। 

“আরিফ খান জয়, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।”

গতবছরের ১৯ অগাস্ট রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। 

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। 

২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেপ্তার