বন্যায় সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে শ্রীলঙ্কার ধন্যবাদ
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা সাড়ে তিন শতাধিক।
শ্রীলঙ্কার সাম্প্রতিক প্রাণঘাতী বন্যা ও ভূমিধসে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ফোনালাপে মুহাম্মদ ইউনূস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি শ্রীলঙ্কাকে সহায়তা করতে অতিরিক্ত জরুরি ত্রাণ ও বিশেষজ্ঞ দল পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
“প্রয়োজনে আমরা সহায়তা করতে সদা প্রস্তুত,” বলেন প্রধান উপদেষ্টা।
আমারাসুরিয়া বলেন, তার সরকার বর্তমানে ভারি বর্ষণ ও ব্যাপক বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ করছে।
আলোচনার সময় প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ঢাকা-কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এসময় জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালকও উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা সাড়ে তিন শতাধিক।
এছাড়া ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।
জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা চায় শ্রীলঙ্কা সরকার।
বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বার্তা পাঠান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ত্রাণসামগ্রীসহ উদ্ধারকারী দলও পাঠায় অন্তর্বর্তী সরকার।
