১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদাবরে এমএফএস এজেন্টকে কুপিয়ে ‘লুট’

“অপরাধীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে; তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 10:15 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ঢাকার আদাবরে দুই যুবকের বিরুদ্ধে দিনেদুপুরে এক এমএফএস (মোবাইলে আর্থিক সেবা) এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় ওই এজেন্টের দোকানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এমএফএস এজেন্ট শফিকুল ইসলাম (৩৯) বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শফিকুলের বরাতে তার বড় ভাই মুসলিম হোসেন বলেন, “দুইজন যুবক আমার ভাইয়ের দোকানে এসে দোকানের ক্যাশে হাত দিয়ে জোর করে লুট করার চেষ্টা করলে ভাই প্রথমে বাধা দেয়। পরে চাপাতি দিয়ে কুপিয়ে ক্যাশে থাকা সব টাকা নিয়ে যায়।”

ক্যাশে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল বলে শফিকুলের কাছ থেকে জেনেছেন তার ভাই মুসলিম।

তিনি বলেন, “দুর্বৃত্তরা চাপাতি দিয়ে শফিকুলের বাম হাত, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। বর্তমানে তার অপারেশন চলছে।”

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, “দুর্বৃত্তরা টাকাসহ মোবাইল ফোনও নিয়ে গেছে। আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

“অপরাধীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”