২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈষম্যবিরোধী’ রাজনৈতিক শক্তির বিকাশ চান ইফতেখারুজ্জামান

‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা’ শিরোনামে আলোচনা সভায় এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

‘বৈষম্যবিরোধী’ রাজনৈতিক শক্তির বিকাশ চান ইফতেখারুজ্জামান
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 10:51 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

জনপ্রত্যাশার ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্ভাসিত রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

স্বৈরতন্ত্রের পতনের পর থেকে চলমান দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজি বৈষম্যবিরোধী আন্দোলনের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে তিনি বলেন, “নতুন বাংলাদেশর অভীষ্ট অর্জন করতে বৈষম্যবিরোধী আন্দোলনের মূলধারা থেকে এর নেতৃত্ব বিকশিত হবে, যার প্রতি আন্দোলনে অংশগ্রহণকারী দেশের ছাত্র-জনতার সক্রিয় ও স্বতস্ফুর্ত সমর্থন থাকবে বলে মনে করি।”

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৪ উপলক্ষে রোববার ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা’ শিরোনামে আলোচনা সভায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচকরা নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও বিচার ব্যবস্থার আমূল সংস্কার; গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার রক্ষা করতে পারলেই ‘রাষ্ট্রসংস্কার’ সম্ভব হবে বলে মত দেন।

একইসঙ্গে বিদ্যমান রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের স্বার্থে একটি নতুন রাজনৈতিক-কাঠামো প্রয়োজন কি না, সে ব্যাপারেও আপামর জনসাধারণের মধ্য থেকে সিদ্ধান্ত আসতে হবে বলে মন্তব্য করেন তারা।

আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল ইসলাম আদীব, গণমাধ্যমকর্মী ফারাবি হাফিজ, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন, গণমাধ্যমকর্মী ও রম্যলেখক শিমু নাসের উপস্থিতি ছিলেন। 

এ ছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন মাধ্যমে কর্মরত তরুণ পেশাজীবীরা মুক্ত আলোচনায় অংশ নেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা ক্ষমতায় যান তাদের জনগণ বিশ্বাস করতে চান না, কারণ অতীতের অভিজ্ঞতা তাদের ভালো নয়। আমাদেরও তারা সন্দেহের চোখে দেখছেন। এ ক্ষেত্রে জনগণের দোষ নাই। আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারাও তেমনই করবে কি না, সেটিকেও অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে।

“এ অবস্থায় আমাদের পক্ষের মতামতের তুলনায় যারা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা দ্বিগুণ জরুরি। আমাদের প্রতি আস্থা রাখুন।”