ভোটের আগে পঞ্চম গ্রেড পেলেন ইসির ৭৫ কর্মকর্তা, চারজন চতুর্থ গ্রেড
এর আগে এসব কর্মকর্তার পদোন্নতির পাওয়ার কথা থাকলেও পদ না থাকায় তাদের উচ্চতর গ্রেড দিল ইসি, বলেন কর্মকর্তারা।
ভোটের আগে উচ্চতর গ্রেড পেলেন নির্বাচন কমিশন সচিবালয়ের ৭৫ জন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা। তাদের পঞ্চম গ্রেড দেওয়া হয়, যা ২০২১ সাল থেকে কার্যকর হবে।
এছাড়া উপসচিব পর্যায়ের চারজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে চতুর্থ গ্রেড।
ইসি কর্মকর্তারা বলেন, এর আগে এসব কর্মকর্তার পদোন্নতির পাওয়ার কথা থাকলেও পদ না থাকায় তাদের উচ্চতর গ্রেড দিল ইসি।
বৃহস্পতিবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীনে এসব কর্মকর্তার বেতন গ্রেড ২০২১ সাল থেকে ৫ম গ্রেডে কার্যকর হবে।
চতুর্থ গ্রেড পাওয়া চার কর্মকর্তা হলেন- এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম, উপসচিব মো. খোরশেদ আলম, উপসচিব মো. হুমায়ুন কবীর ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক জিএম সাহাতাব উদ্দিন।
আদেশে বলা হয়, এ আদেশ জ্যেষ্ঠতার সঙ্গে সম্পর্কিত নয় এবং এর কারণে পঞ্চম বা তদুর্ধ্ব গ্রেডের কোনো পদে পদোন্নতি দাবি করতে পারবেন না তারা।
