Published : 08 Mar 2026, 06:00 PM
রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭দিন করার পরিপত্র জারি করেছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, "সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হল।"
ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়।
এর ফলে সব সরকারি বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা হয়েছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ শবে কদরের ছুটি। ফলে ঈদের আগে পরে মিলিয়ে মোট ছুটি হবে সাত দিন।