১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যানেল আই ভবনে ‘মুস্তাফা মনোয়ার’ স্টুডিও

“এ সম্মান আমাকে অদ্ভূতভাবে অনুপ্রাণিত করছে; মনে হচ্ছে যে আমি নতুন করে টেলিভিশনে গেছি,” বলেন মুস্তাফা মনোয়ার।

চ্যানেল আই ভবনে ‘মুস্তাফা মনোয়ার’ স্টুডিও

পাপেট শিল্পকে নতুন মাত্রা দেওয়া মুস্তাফা মনোয়ারের নামে এই প্রথম কোনো টেলিভিশন স্টুডিও’র নামকরণ করা হয়; উদ্বোধনী অনু্ষ্ঠানে শিল্পী নিজেও অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 07:58 PM

Updated : 24 Dec 2022, 07:58 PM

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের নামে একটি স্টুডিওর নামকরণ করেছে চ্যানেল আই।

শনিবার ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’র নামফলক উন্মোচন করা হয়; ফলকটি নির্মাণ করেছেন শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল।

বাংলাদেশের পাপেট শিল্পকে নতুন মাত্রা দেওয়া মুস্তাফা মনোয়ারের নামে এই প্রথম কোনো টেলিভিশন স্টুডিও’র নামকরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, শিল্পী মুস্তাফা মনোয়ার গুণী শিল্পী ও শিক্ষক। বাংলাদেশ টেলিভিশনের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ার বলেন, “কী দিয়ে যে শুরু করব তা মাথায় আসছে না। এমন একটা বিরাট সম্মান আমাকে দেওয়া হল আমি জানতামই না যে এটা আমি পেতে পারি।

 “এ সম্মান আমাকে অদ্ভূতভাবে অনুপ্রাণিত করছে। আবার যেন মনে হচ্ছে যে আমি নতুন করে টেলিভিশনে গেছি। আজকের এই সম্মান আমার বাকি জীবনে পাথেয় হয়ে রইল।”

চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই বাংলাদেশের চিরায়ত শিল্প-সংস্কৃতিকেই ধারণ করে, যা তারা শিখেছেন বাংলাদেশ টেলিভিশন থেকে।

“সেখান থেকে পাওয়া শিক্ষা, আচার আমরা এখনও মেনে চলার চেষ্টা করি। যারা আমাদের টেলিভিশন শিখিয়েছেন তাদের একজন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে এই শিক্ষককে শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত।”

পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “যাদের হাতে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশ তাদের অন্যতম শিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি আমাদের মনন তৈরি করেছেন। কিংবদন্তি এ শিল্পীকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শিল্পের আলোয় আমরা নিজেরাও একটু আলোকিত হতে চেয়েছি।”

অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি পাপেট শো’র আয়োজন করা হয়।

চ্যানেল আই এর পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু, শিল্পী কেরামত মাওলা, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রেজানুর রহমান, চিত্রশিল্পী আবদুল মান্নান ও মনিরুল ইসলাম, অভিনেতা শামস সুমন, মেরী মনোয়ার উপস্থিত ছিলেন।