Published : 25 Jun 2026, 09:06 PM
জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে বিশ্বকাপে প্রথম পয়েন্টের স্বাদ কুরাসাও পেয়েছে, একুয়েডরকে রুখে দিয়ে। এখন, তাদের চোখে আরও বড় স্বপ্নের আঁকিবুকি। ওই ম্যাচের অনুপ্রেরণা নিয়ে, কুরাসাও কোচ ডিক আটফোকাট বললেন, আইভরি কোস্টকে চমকে দিতে চান তারা।
লক্ষ্য পূরণে ‘ই’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ফিলাডেলফিয়ায় নামবে কুরাসায়। বাংলাদেশ সময়, বৃহস্পতিবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ থেকে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে জার্মানি। বাকি তিন দলের মধ্যে চলা লড়াইয়ে, ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আইভরি কোস্ট। ১ করে পয়েন্ট একুয়েডর ও কুরাসাওয়ের।
বিশ্বকাপে প্রথম খেলতে নামার অভিজ্ঞতা কুরাসাওয়ের জন্য ছিল বিব্রতকরই। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে স্রেফ উড়ে গিয়েছিল তারা। তবে, পরের ম্যাচে একুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে, আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে কুরাসাও।
আটফোকাট এখন সেই আত্মবিশ্বাস টেনে নিতে চান আইভরি কোস্টের বিপক্ষে। এ নিয়ে বলতে গিয়ে, মজাও করলেন ৭৮ বছর বয়সী এই কোচ।
“যদিও ওই ম্যাচে একুয়েডর সুযোগ বেশি পেয়েছিল, কিন্তু আমি মনে করি, ড্র ছিল সঠিক ফল। এর মানে হচ্ছে, আমরা প্রতিপক্ষের জীবন কঠিন করে তুলতে পারি।”
“আমি আগেই বলেছি, সম্ভবত এটাই আমাদের প্রথম ম্যাচ, যে ম্যাচে আমরা ফেভারিট (হাসি)। না, এটা কঠিন একটা ম্যাচ হবে। আমরা দারুণ তিনটি দলের সাথে খেলছি, কুরাসাওয়ের জন্য এ ধরনের প্রতিপক্ষ এবং দেশের সাথে খেলা চমৎকার ব্যাপার।”
আইভরি কোস্টের বিপক্ষে আক্রমণ সামলাতে ব্যস্ত থাকবে না কুসারাও। সুযোগ বুঝে প্রতিপক্ষের রক্ষণে হানা দেওয়ার ছকও কষছেন উত্তর আমেরিকা বিশ্বকাপের নবাগত দলটির কোচ আটফোকাট।
“একুয়েডরের বিপক্ষে আমরা দেখিয়েছি, আমরা কী করতে পারি। আমরা শুধু রক্ষণই সামলাব না, সঠিক সময়ে আমরাও আক্রমণ শাণাবো এবং আইভরি কোস্টের বিপক্ষে আমরা একই কাজ করব।”