১১ বছর আগে ব্যবসায়ীকে হত্যায় ‘বন্ধুর’ যাবজ্জীবন
এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বন্ধুত্বে চিড় ধরেছিল, তার জেরে এই হত্যাকাণ্ড।
এগারো বছর আগে ঢাকার পশ্চিম শেওড়াপাড়ায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে তার এক বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত; আরেক আসামিকে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
২০১১ সালে শেওড়াপাড়ায় ব্যবসায়ী কামরুল হাসানকে (৩৫) বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় কামরুলের বন্ধু মো. মাজেদুল হক মনিককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও ১ বছর কারাভোগ করতে হবে।
এছাড়া আলামত গোপনের জন্য (লাশ গুম) তাকে অন্য ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের সাজা খাটতে হবে।
লাশ গুমে সহযোগিতা করায় মামলার আরেক আসামি মো. সজীবকেও তিন বছরের সাজা দেওয়া হয়েছে।
রায়ের পর মাজেদুলকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি সজীব পলাতক।
মামলার বিবরণে জানা যায়, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়নের জেরে মাজেদুল ও কামরুলের মধ্যে বন্ধুত্বে চিড় ধরে। ব্যবসায়িক বিষয় নিয়েও তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।
২০১১ সালের ২৩ জানুয়ারি শেওড়াপাড়ায় কামরুলের বাসায় তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে ‘চালের বস্তা’ বলে রিকশায় তুলে গাবতলী বাস টার্মিনালে ফেলে আসা আসামিরা।
পরে টার্মিনাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক মেহেদী হাসান অজ্ঞাতনামা আসামিদের নামে দারুস সালাম থানায় মামলা করেন। তদন্তে হত্যার নেপথ্য কাহিনী উঠে আসে।
গ্রেপ্তার হওয়ার পর সজীব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার ঘটনার বিস্তারিত বিবরণ দেন। পরে জামিন পেয়ে দুই আসামি পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষে মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নিয়ে মঙ্গলবার রায় দিল আদালত।
ঘটনাস্থলে একজন নারীরও উপস্থিতি ছিল। তাকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী কৌশুলি মো. সালাহউদ্দিন হাওলাদার। আসামিপক্ষে ছিলেন মো. ফরিদ উদ্দিন আহমদ ও আবুল কালাম আজাদ।
রায় দেওয়ার সময় কামরুলের ভাই ব্যাংক কমকর্তা কাওসার আহমেদ উপস্থিত ছিলেন। আদালতের রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
