০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ট্রেনে ছোড়া পাথরে সেই শিক্ষার্থীর হাড় ভেঙেছে, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

“অপারেশন করতে দেড় লাখ টাকা লাগবে,” বলেন সাব্বিরের বাবা।

ট্রেনে ছোড়া পাথরে সেই শিক্ষার্থীর হাড় ভেঙেছে, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’
জামতৈল স্টেশনে সাব্বির হোসেন। ভিডিও থেকে নেওয়া ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 12:16 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী সাব্বির হোসেনের ডান চোখের নিচের হাড় ভেঙে গেছে; দৃষ্টিশক্তিও ‘ফেরার সম্ভাবনা নেই’।

সাব্বিরের বাবা দুলাল হোসেন বুধবার চিকিৎসকদের বরাতে এ তথ্য দিয়েছেন। ২২ বছরের এ তরুণকে রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে (ইএনটি) ভর্তি করা হয়েছে।

বাউবিতে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ছেন সাব্বির। বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে।

মঙ্গলবার পঞ্চগড় থেকে ঢাকার দিকে ছুটে চলা ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জে পৌঁছালে বিকাল সাড়ে ৪টার দিকে পাথর ছুড়ে মারে কেউ একজন। সেই পাথর এসে লাগে সাব্বিরের ডান চোখে।

ঘটনার পরই সাব্বিরকে জামতৈল রেল স্টেশনে নামানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে ভর্তি করা হয় জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে।

চিকিৎসকদের বরাতে সাব্বিরের বাবা দুলাল হোসেন বলেন, “ছেলের ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। চোখের নিচের হাড় ভেঙে গেছে। সেটার অপারেশনের জন্য চক্ষু হাসপাতাল থেকে এখানে (ইএনটি) স্থানান্তর করা হয়েছে।”

অপারেশন করতে দেড় লাখ টাকা লাগবে জানিয়ে দুলাল হোসেন বলেন, “আজ (বুধবার) এক দিনে এত টাকা সংগ্রহ করতে পারিনি। কাল (বৃহস্পতিবার) সব গোছাতে পারলে অপারেশন হবে৷”

দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট সাব্বির। তার বাবা একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা বিভাগের দায়িত্বে রয়েছেন। বড় ভাই বিদেশি একটি কোম্পানিতে চাকরি করেন।

আরও পড়ুন-

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী