Published : 04 Mar 2026, 08:21 PM
রাজধানীর উত্তরায় একটি বাসায় মালামাল লুট করার সময় একজন বৃদ্ধাকে টেপ লাগিয়ে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে নুরে আলম বাঘ ওই বাড়ির ভাড়াটিয়া। অন্যজনের নাম রাসেল মাতব্বর।
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করার কথা জানিয়ে তুরাগ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রথমে নুরে আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ‘দোষ স্বীকার’ করেন। তার দেওয়া তথ্যে পরে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে তারাবির নামাজের সময় উত্তরা ১৫ নম্বর সেক্টরের ই ব্লকের ৪ নম্বর সড়কের ওই বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
বাড়ির মালিক মাহে আলম সোনালী ব্যাংকের সাবেক বর্মকর্তা। চারতলা ও দোতালা ভাড়া দিয়ে তিনি স্ত্রী রেজিনা মমতাজকে নিয়ে তিনতলায় থাকতেন।
সোমবার রাতে দরজা ভেঙে মুখে টেপ লাগানো অবস্থায় ৬৬ বছর বয়সী রেজিনার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে গ্রেপ্তার নুরে আলম ওই বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া। গত ডিসেম্বর মাসে ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই বাসা তিনি ভাড়া নেন।
ওসি বলেন, “নুরে আলম বেশ কিছুদিন ধরে খোঁজ নিয়ে জানতে পারে, ওই বাড়িতে এক বয়স্ক দম্পতি থাকে। বাসায় অনেক জিনিসপত্র থাকতে পারে। সেজন্য ওই বাসা ভাড়া নিয়ে বাসা লুট করার পরিকল্পনা করে সে।
“ঘটনার রাতে গৃহকর্তা তারাবির নামাজে গেলে এই সুযোগ নুরে আলম তার সঙ্গীকে নিয়ে বাসায় ঢুকে বৃদ্ধার মুখে টেপ লাগিয়ে বাসার মালামাল লুট করে নিয়ে যায়।”
রাসেল মাতব্বর নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অন্তত ৫টি চুরি, হামলা, লুটপাটের মামলা রয়েছে। এই রাসেলের সাথে নুরে আলমের পরিচয় হয় জেলখানায়।
ওসি বলেন, “নুরে আলম তার পরিকল্পনার কথা জানালে রাসেল একবারেই রাজি হয়ে যায়। এই দুইজন ছাড়াও তাদের সাথে আরেকজন ছিল, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এর আগে গত ১৩ জানুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে এক হোমিও চিকিৎসক এবং স্থানীয় জামায়াতে ইসলামী নেতা আনোয়ার উল্লাহ খুন হন। চোরেরা বাসায় ঢুকে মুখে টেপ লাগিয়ে তাকে হত্যা করে। ওই ঘটনায় তার স্ত্রীও আহত হন।
পুলিশের ধারণা, একই চক্র রাজাবাজারের ওই হত্যার পেছনে রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সরকারি কমিশনার আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিম রাজাবাজারে ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তুরাগ থানা পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তাদের ছবি তুলে হোমিও চিকিৎসকের স্ত্রীকে দেখানো হলে একজনকে চিনতে পেরেছেন। আমরা তুরাগ থানায় গ্রেপ্তার দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমাণ্ডে নেব।”
পুরনো খবর
উত্তরার বাসায় ডাকাতির সময় বৃদ্ধা 'খুন', পুলিশি হেফাজতে ভাড়াটিয়া